ইলম অর্জনের গুরুত্ব ও ফযীলত
Abstract
মানবজীবনের আত্মিক উন্মেষ, নৈতিক উৎকর্ষ এবং আদর্শ সমাজ গঠনে জ্ঞান অর্জনের (ইলম) গুরুত্ব অপরিসীম। ইসলামি জীবনদর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্ঞানচর্চা; যার সূচনা হয়েছিল পবিত্র কুরআনের প্রথম অবতীর্ণ বাণী "ইক্বরা" (পড়ো)-এর মাধ্যমে। এই গবেষণাপত্রে ইসলামি শরীয়াহ ও নৈতিক দৃষ্টিকোণ থেকে ইলম অর্জনের তাৎপর্য, গুরুত্ব ও ফযীলত বিশ্লেষণ করা হয়েছে। ইসলাম অনুযায়ী ইলম কেবল পার্থিব উন্নতির মাধ্যম নয়, বরং এটি স্রষ্টাকে জানা, তাঁর ইবাদত সঠিকভাবে সম্পাদন করা এবং পরকালীন মুক্তি অর্জনের প্রধান চাবিকাঠি। গবেষণায় দেখা যায় যে, ইসলামে ইলম অর্জনকে নর-নারীর জন্য ফরজ বা বাধ্যতামূলক করা হয়েছে এবং জ্ঞানী ব্যক্তিদের বিশেষ মর্যাদায় ভূষিত করা হয়েছে। ইলম অন্বেষণকারীর জন্য ফিরেশতাদের ডানা বিছিয়ে দেওয়া, বিশ্বজগতের সৃষ্টিজীবের ক্ষমা প্রার্থনা করা এবং ইলমকে 'সাদকায়ে জারিয়াহ' হিসেবে গণ্য করার মতো বিষয়গুলো এর অতুলনীয় ফযীলতকে তুলে ধরে। পরিশেষে, সমাজে সৎ নির্দেশক ও কল্যাণময় ইলমের চর্চা কীভাবে কুসংস্কার দূর করে একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে পারে, তা রূপায়িত করা হয়েছে।