ইসলামে সহাবস্থান ও আন্তঃধর্মীয় সংলাপ
Abstract
বিশ্বশান্তি, পারস্পরিক সম্প্রীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সহাবস্থান ও আন্তঃধর্মীয় সংলাপ ইসলামি জীবনদর্শনের অন্যতম মৌলিক ভিত্তি। একটি বহুধর্মীয় ও বৈচিত্র্যময় বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে জীবনযাপনের জন্য ইসলামের সামাজিক ও রাজনৈতিক যে নির্দেশনা রয়েছে, তা এ গবেষণাপত্রে উপস্থাপন করা হয়েছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলাম মানুষের ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে এবং জাতি, বর্ণ ও মতাদর্শগত বৈচিত্র্যকে মানবজাতির জন্য এক স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করে। মদিনা সনদ, হুদায়বিয়ার সন্ধি এবং রাসুলুল্লাহ (সা.)-এর নীতিনৈতিকতার ঐতিহাসিক দলিলগুলো পর্যালোচনা করলে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান, তাদের নাগরিক অধিকার রক্ষা এবং সংলাপে অংশগ্রহণের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। আন্তঃধর্মীয় সংলাপের লক্ষ্য কেবল মতামত চাপিয়ে দেওয়া নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ গঠন, ভুল বোঝাবুঝি দূরীকরণ এবং বৈশ্বিক নানা সংকট সামাজিকভাবে একসঙ্গে মোকাবেলা করা। বর্তমান সময়ে চরমপন্থা, ইসলামোফোবিয়া ও ধর্মীয় বিদ্বেষ হ্রাসে ইসলামি সহাবস্থান নীতি ও সংলাপের প্রয়োজনীয়তা অত্যন্ত সুদূরপ্রসারী। এ বিশ্লেষণের সারকথা হলো—ইসলামি নীতিমালার সঠিক চর্চা ও আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে একটি আধুনিক বহুমাত্রিক সমাজে স্থায়ী শান্তি ও মানবিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।