ইসলামী সভ্যতার পুনর্জাগরণ: কুরআনিক দৃষ্টিভঙ্গি ও বাস্তব প্রয়োগ
Abstract
বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য এবং নতুন সভ্যতার উত্থান-পতনের দ্বন্দ্বে মুসলিম বিশ্বের অবস্থান একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই গবেষণাপত্রটির মূল উদ্দেশ্য হলো—ঐতিহাসিক সমাজবিজ্ঞান ও সভ্যতা তত্ত্বের (Civilizational Theory) আলোকে ইসলামী সভ্যতার বর্তমান স্থবিরতার কারণ অনুসন্ধান করা এবং কুরআনিক দর্শনের প্রায়োগিক বাস্তবায়নের মাধ্যমে এর টেকসই পুনর্গঠনের একটি রূপরেখা তৈরি করা।গবেষণায় দেখা যায়, পূর্ববর্তী ইসলামী সভ্যতা কেবল আধ্যাত্মিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি, বরং কুরআনের মহাজাগতিক চিন্তাভাবনা, গবেষণার স্বাধীনতা এবং অন্তর্ভুক্তি নীতি (Inclusiveness) এর মূল ভিত্তি ছিল। বর্তমান যুগে এই সভ্যতার পুনর্জাগরণের প্রধান চ্যালেঞ্জ হলো—মুসলিম সমাজের অন্ধ অনুকরণপ্রিয়তা এবং ঐতিহ্য ও আধুনিকতার মাঝে সমন্বয় করতে না পারা। কুরআন মানুষকে স্থবিরতার পরিবর্তে গতিশীলতার শিক্ষা দেয়। তাই পুনর্জাগরণের বাস্তব প্রয়োগের জন্য প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে জ্ঞান-বিজ্ঞানকে আদর্শিক রূপ দেওয়া এবং বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নৈতিক অর্থনৈতিক ও বিচারিক মডেল তৈরি করা প্রয়োজন।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, ইসলামী সভ্যতার পুনরুত্থান কোনো আকস্মিক রাজনৈতিক বিপ্লবের বিষয় নয়, বরং এটি একটি সুদূরপ্রসারী শিক্ষাগত ও প্রাতিষ্ঠানিক বিবর্তনের প্রক্রিয়া। মুসলিম উম্মাহকে যদি আবার বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে হয়, তবে জ্ঞানতাত্ত্বিক সংস্কার (Epistemological Reform), পরিবেশগত টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক মানবিক সংকটে কুরআনের সামাজিক ও অর্থনৈতিক রূপরেখার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।