ইসলামী সভ্যতার পুনর্জাগরণে কুরআনিক দৃষ্টিভঙ্গি ও বাস্তব প্রয়োগ
Abstract
বর্তমান পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় পশ্চিমা আধিপত্যের মুখে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক পরাভব ও সাংস্কৃতিক পরিচয় সংকট প্রকট রূপ ধারণ করেছে। এই গবেষণাপত্রটির মূল উদ্দেশ্য হলো—কুরআনের মূল নীতিমালার আলোকে ইসলামী সভ্যতার পুনর্গঠন প্রক্রিয়ার একটি প্রায়োগিক ফ্রেমওয়ার্ক এবং সমকালীন বিশ্ব সংকটের বাস্তব সমাধানকল্পে এর কার্যকারিতা বিশ্লেষণ করা।গবেষণায় দেখা যায়, বিগত শতাব্দীগুলোতে মুসলিম সমাজের মূল অবক্ষয়টি ঘটেছে তাদের জ্ঞানতাত্ত্বিক বা চিন্তা-চেতনার ক্ষেত্রে। কুরআন কেবল একটি পারলৌকিক মুক্তির কিতাব নয়, বরং এটি একটি গতিশীল সভ্যতার ব্লুপ্রিন্ট (Blueprint) বা মহাপরিকল্পনা। এই সভ্যতার পুনর্জাগরণের জন্য প্রথাগত বা রাজনৈতিক স্লোগানের ঊর্ধ্বে উঠে কুরআনিক চিন্তাধারার সার্বজনীন মানবিক মূল্যবোধ, গবেষণামূলক মানসিকতা ও সামাজিক ইনসাফের নীতিকে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন। বর্তমান যুগের অর্থনৈতিক বৈষম্য, নৈতিক শূন্যতা ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় কুরআনের দেওয়া অর্থনৈতিক বণ্টন নীতি (যেমন: জাকাত ও রিবা-মুক্ত অর্থনীতি) এবং প্রকৃতির সাথে ভারসাম্যপূর্ণ জীবনযাপনের বাস্তব প্রয়োগ অপরিহার্য।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, সভ্যতার পুনরুত্থান কোনো কাল্পনিক অতীতের প্রত্যাবর্তন নয়; বরং এটি হলো কুরআনের কালজয়ী দর্শনের সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের একটি সুষম ও সফল আত্মীকরণ (Assimilation)। বিজ্ঞান-প্রযুক্তির নৈতিক সদ্ব্যবহার এবং সামাজিক সুবিচারের সফল বাস্তবায়নের মাধ্যমেই কেবল বিশ্বমঞ্চে ইসলামী সভ্যতার একটি সুসংহত ও টেকসই পুনর্জাগরণ সম্ভব।