ইসলামের সহাবস্থান ও আন্তঃ ধর্মীয় সংলাপ
Abstract
ইসলামের মূল চেতনায় শান্তি, সৌহার্দ্য এবং মানবজাতির বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে পারস্পরিক সহাবস্থান ও আন্তঃধর্মীয় সংলাপকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। কুরআনুল কারিমে মানবজাতির সৃষ্টিগত ও মতাদর্শিক বৈচিত্র্যকে আল্লাহর এক অনন্য নিদর্শন হিসেবে উল্লেখ করে পারস্পরিক জানাশোনা ও সম্প্রীতি রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। ঐতিহাসিক ‘মদিনা সনদ’ হলো শান্তির সুবাতাস ছড়ানো ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সুসংহত সহাবস্থানের এক অনন্য ও যুগান্তকারী দলিল, যেখানে অমুসলিমদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। ইসলাম ধর্মীয় বিষয়ে জোরজবরদস্তি সমর্থন করে না; বরং পারস্পরিক শ্রদ্ধা, মানবতা, ন্যায়বিচার এবং 'উত্তম উপায়ে আলোচনার' মাধ্যমে ভিন্ন মতাদর্শের মানুষের সাথে সংলাপের পথ উন্মুক্ত রাখে। আধুনিক পৃথিবীর সংঘাতময় প্রেক্ষাপটে ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ, ভুল বোঝাবুঝি দূরীকরণ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামের এই দেদীপ্যমান নীতি অত্যন্ত প্রাসঙ্গিক। বৈশ্বিক সংহতি রক্ষা, বৈচিত্র্যময় সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সম্প্রীতির এক বিশ্ব বিনির্মাণে ইসলামি শরিয়তের আলোকেই আন্তঃধর্মীয় সংলাপ ও উদার সহাবস্থান নীতি বাস্তবায়ন করা সময়ের এক অপরিহার্য দাবি।