জিহাদের অপপ্রচার ও ইসলামের সঠিক দৃষ্টি ভঙ্গি
Abstract
জিহাদ শব্দটিকে বিশ্বজুড়ে অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয় এবং একে সহিংসতা, সন্ত্রাসবাদ বা অহেতুক যুদ্ধের সাথে সমার্থক করে তোলার এক ধরনের বিভ্রান্তি দৃশ্যমান। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মূলধারার গণমাধ্যম, রাজনৈতিক স্বার্থ এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর বিকৃত মতাদর্শের কারণে 'জিহাদ' ধারণাটির চারপাশে এক ধরনের নেতিবাচক অপপ্রচার গড়ে উঠেছে। এই গবেষণাপত্রটিতে জিহাদের প্রকৃত ইসলামী সংজ্ঞা, এর গভীর তাৎপর্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে এই সংক্রান্ত অপপ্রচারের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করা হয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী, জিহাদ কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং এর মূল অর্থ হলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং আত্মশুদ্ধির (জিহাদ বিন-নফস) জন্য সার্বিক সংগ্রাম বা প্রচেষ্টা চালানো। সশস্ত্র জিহাদের ক্ষেত্র অত্যন্ত সুনির্দিষ্ট, যা কেবল আত্মরক্ষা, নিপীড়ন প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে কঠোর নিয়ম ও শর্ত সাপেক্ষে অনুমোদিত। অসামরিক ব্যক্তি হত্যা, আত্মঘাতী হামলা এবং নিরীহ মানুষের ওপর সহিংসতা ইসলামি নীতির সম্পূর্ণ পরিপন্থী। এই গবেষণায় জিহাদ সংক্রান্ত অপপ্রচারের পেছনের কারণসমূহ উন্মোচন করে কুরআনিক নির্দেশনা ও সহীহ হাদীসের আলোকে বিশ্ববাসীর সামনে জিহাদের প্রকৃত, শান্তিরক্ষামূলক ও আত্মশুদ্ধিমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।