মিডিয়া ও ইসলামোফোবিয়া প্রতিরোধে ইসলামিক দৃষ্টিভঙ্গি
Abstract
তথ্যপ্রযুক্তির আধুনিক যুগে বিশ্ব ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে 'ইসলামোফোবিয়া' বা ইসলামভীতি একটি মনস্তাত্ত্বিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার মূল চালিকাশক্তি হলো বিশ্ব মিডিয়া। এই গবেষণাপত্রটির মূল উদ্দেশ্য হলো—আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন ও কৃত্রিম ন্যারেটিভ (Narrative) তৈরির কৌশল উন্মোচন করা এবং এর বিপরীতে ইসলামের আত্মরক্ষামূলক ও কৌশলগত দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করা।গবেষণায় দেখা যায়, আধুনিক মিডিয়া অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে 'ইসলামিক' ও 'সন্ত্রাসবাদ' শব্দ দুটিকে সমার্থক শব্দ হিসেবে উপস্থাপন করে এক ধরণের কৃত্রিম সামাজিক ভীতি (Moral Panic) তৈরি করছে। এর ফলে বিশ্বজুড়ে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় কাঠামোগত বৈষম্য ও জাতিগত সহিংসতার শিকার হচ্ছে। ইসলাম প্রোপাগান্ডা ও অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকার নীতি সমর্থন করে না, আবার একই সাথে হঠকারিতাকেও বর্জন করে। এই গবেষণায় মিডিয়ার এই মনস্তাত্ত্বিক যুদ্ধ বা 'ইনফরমেশন ওয়ারফেয়ার' মোকাবিলায় ইসলামের সমতার নীতি এবং কৌশলগত প্রতিরোধের দর্শনকে তুলে ধরা হয়েছে।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, ইসলামোফোবিয়ার এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম বিশ্বের সরকার ও বুদ্ধিজীবী সমাজকে আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষা (Media Literacy) বুঝতে হবে। নিজস্ব বহুভাষিক সংবাদ সংস্থা প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানবাধিকার আইনের কার্যকর ব্যবহার এবং বিশ্বমঞ্চে ইসলামের প্রকৃত মানবিক রূপটি তুলে ধরার মাধ্যমেই এই কৃত্রিম ভীতি দূর করা সম্ভব।