পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
Abstract
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য মানব ইতিহাসের অন্যতম প্রধান নৈতিক, ধর্মীয় ও সামাজিক ভিত্তি। গর্ভধারণ ও প্রসবের কষ্ট থেকে শুরু করে সন্তানের শৈশব, শিক্ষা ও সুস্বাস্থ্যের জন্য পিতা-মাতা যে অসীম ত্যাগ স্বীকার করেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সন্তানের অবশ্যপালনীয় অনুশাসন। বিশ্বের প্রায় প্রতিটি ধর্ম ও নীতিশাস্ত্রে পিতা-মাতার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, অনুগত আচরণ এবং বার্ধক্যে তাঁদের সার্বিক দেখভালকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ইসলামি জীবনব্যবস্থায় আল্লাহর ইবাদতের পরেই পিতা-মাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ প্রদান করা হয়েছে। পিতা-মাতার শারীরিক ও মানসিক যত্ন নেওয়া, তাঁদের আর্থিক চাহিদা মেটানো, অসুস্থতায় সেবা করা এবং তাঁদের সাথে সর্বাবস্থায় নম্র ও বিনয়ী ভাষায় কথা বলা সন্তানের মৌলিক দায়িত্ব। কেবল জীবিত অবস্থায়ই নয়, পিতা-মাতার ওফাতের পরও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা, তাঁদের নামে জনকল্যাণমুখী দান-সদকা করা এবং তাঁদের বন্ধু-বান্ধব ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কর্তব্যেরই অংশ। একটি সুশৃঙ্খল পরিবার ব্যবস্থা ধরে রাখা, জ্যেষ্ঠ নাগরিকদের সম্মান নিশ্চিত করা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সন্তানের এই দ্বায়িত্ববোধ চর্চা অপরিসীম ভূমিকা পালন করে।