সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী প্রচার: সুফল ও সীমাবদ্ধতা
Abstract
তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে আধুনিক ইনফরমেশন হাইওয়ে (Information Highway) এবং সাইবার-কালচার (Cyber-culture) মানুষের ধর্মীয় আচার ও যোগাযোগের ধরণকে গভীরভাবে প্রভাবিত করছে। এই গবেষণাপত্রটির মূল উদ্দেশ্য হলো—সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম প্রচারের সামাজিক প্রভাব এবং এর ফলে উদ্ভূত নতুন মনস্তাত্ত্বিক ও কাঠামোগত সংকটসমূহ একটি নতুন সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা।গবেষণায় দেখা যায়, সোশ্যাল মিডিয়ার প্রধান সুফল হলো এটি ধর্মীয় প্রচারের ক্ষেত্রে এক ধরণের 'ভার্চুয়াল ইনফরমেশন হাব' তৈরি করেছে, যার মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা প্রথাগত প্রচারের সীমাবদ্ধতা পেরিয়ে খুব সহজেই মৌলিক ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারছেন। তবে এর বিপরীতে এক গভীর সীমাবদ্ধতা ও মনস্তাত্ত্বিক সংকট তৈরি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি-ব্যবহার মানুষকে বাস্তব জীবনের ধর্মীয় সমাজ ও জামাতবদ্ধতা থেকে দূরে ঠেলে দিয়ে এক ধরণের 'সামাজিক বিচ্ছিন্নতা' (Social Isolation) তৈরি করছে। এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোর অতি-ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী (Hyper-individualistic) চরিত্র আলেমদের মাঝে অসুস্থ প্রতিযোগিতা এবং সাধারণ দর্শকদের মাঝে এক ধরণের 'ধর্মীয় বিনোদন সংস্কৃতি' বা ধর্মকে স্রেফ বিনোদনের অংশ হিসেবে দেখার প্রবণতা তৈরি করছে।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, এই সংকট উত্তরণে অনলাইন প্রচারের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে ব্যবহারকারীদের মাঝে বাস্তবধর্মী আমল ও অফলাইন ধর্মীয় সমাজ ব্যবস্থার সাথে সংযোগ রক্ষা করার মানসিকতা গড়ে তুলতে হবে।